প্রকাশিত: ১১ আগষ্ট, ২০২৬, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং একটি নির্দিষ্ট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার ক্ষেত্রে ভারতের ভূমিকা নিয়ে দেশের জনগণের মধ্যে দীর্ঘদিন ধরে প্রশ্ন ও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক এবং এ বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া ব্রিফিং এবং সরকারের প্রকাশ্য বক্তব্যেই বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। বিষয়টি ভারত সরকারের কাছেও দৃঢ়ভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানান তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও ইতিবাচক ও কার্যকর করতে হলে ভারতের পক্ষ থেকে একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। দুই দেশের সম্পর্ককে নতুন বাস্তবতার আলোকে পুনর্বিন্যাস বা ‘রিঅ্যালাইনমেন্ট’ করার প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তার বক্তব্যের পর বাংলাদেশ সরকারের দেওয়া বিবৃতিতেও বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
ভারতের পক্ষ থেকে ওই ঘটনার সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই— এমন বক্তব্য দেওয়ার চেষ্টা করা হলেও বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ভিন্ন বলে জানান তিনি। তার ভাষ্য, বাংলাদেশের জনগণের মধ্যে এ বিষয়ে ভারতের কোনো না কোনো পর্যায়ের সংশ্লিষ্টতা কিংবা সমর্থন নিয়ে প্রশ্ন রয়েছে।
তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো বিশেষ সরকারের সঙ্গে সীমাবদ্ধ থাকা উচিত নয়। দুই দেশের সম্পর্ক হতে হবে বাংলাদেশের জনগণ ও ভারতের জনগণের মধ্যে পারস্পরিক স্বার্থ, মর্যাদা ও আস্থার ভিত্তিতে।
তিনি বলেন, অতীতের রাজনৈতিক বাস্তবতায় ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে যে প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে, তা উপেক্ষা করে ভবিষ্যতের সম্পর্ক এগিয়ে নেওয়া কঠিন। তাই পরিবর্তিত বাস্তবতায় দুই দেশের সম্পর্ককে নতুনভাবে সাজানো এবং পারস্পরিক আস্থা পুনর্গঠনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন