রবিউল হাসান রবি, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:

প্রকাশিত: ৫৪ মিনিট আগে, ০৮:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

সোনাগাজীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ছাত্রদল কর্মীর কবজি বিচ্ছিন্ন; গ্রেপ্তার ১

ফেনীর সোনাগাজীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আসিফ নামে এক ছাত্রদল কর্মীর বাম হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাফায়াত নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামসহ পর্যটন ও শিল্প এলাকা মুহুরী প্রজেক্টের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা শাহীন গ্রুপ ও গরু সেলিম গ্রুপের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে গরু সেলিম গ্রুপের ধারালো অস্ত্রের আঘাতে শাহীন গ্রুপের কর্মী আসিফের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা আহত আসিফকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ পাঠানো হয়।

ঘটনার পর আহত আসিফের ভাই আবদুল হামিদ সাকিব সোনাগাজী মডেল থানায় ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহীন গ্রুপ ও গরু সেলিম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন