হারুন অর রশিদ, ফেনী

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বার, ২০২৬, ০৪:০৭ পিএম

অনলাইন সংস্করণ

৭ নম্বর ওয়ার্ডকে পরিকল্পিত ও নাগরিকবান্ধব করার প্রত্যয়ে জাহাঙ্গীর আলমের কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা

ছবি; সংগৃহিত

পরশুরাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডকে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাউন্সিলর পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফেনী জেলা এনসিপির যুগ্ম-সদস্য সচিব ও সিভিল ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম।
প্রার্থিতার ঘোষণা দেওয়ার পর থেকেই স্থানীয়দের মধ্যে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। জাহাঙ্গীর আলম বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন। প্রকৌশল জ্ঞান, সামাজিক সম্পৃক্ততা ও স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ওয়ার্ডের উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, “আমি কাউন্সিলর হতে চাই শুধু একটি পদ অর্জনের জন্য নয়, মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ পাওয়ার জন্য। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ৭ নম্বর ওয়ার্ডকে পরিকল্পিত, পরিচ্ছন্ন, নিরাপদ ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি বলেন, নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে নাগরিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা, সড়কবাতি, নাগরিকসেবা সহজীকরণ, জনসাধারণের চলাচলে স্বাচ্ছন্দ্য এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে চান তিনি।
জাহাঙ্গীর আলম আরও বলেন, “উন্নয়ন শুধু ইট-পাথরের কাজ নয়; মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন। আমি প্রতিশ্রুতির রাজনীতি নয়, কাজের রাজনীতিতে বিশ্বাস করি। জনগণের ভোট আমার কাছে একটি দায়িত্ব ও আমানত।”
তিনি নির্বাচিত হলে স্থানীয় বাসিন্দা, তরুণ, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
সবশেষে তিনি ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, মতামত ও সহযোগিতা কামনা করেন।

বাংলাধারা/হারুন অর রশিদ,

মন্তব্য করুন