ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

হাদিকে নিতে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স, দুপুর দেড়টায় সিঙ্গাপুরের পথে

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:২০ দুপুর  

ছবি: সংগৃহিত

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার উদ্দেশ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছেছে। সিঙ্গাপুর থেকে আসা বিশেষায়িত এই এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার বেলা ১১টা ২২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, দুপুর ১টা ৩০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি শরিফ ওসমান হাদিকে বহন করে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

শরিফ ওসমান হাদি জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় আয়োজিত একটি জরুরি টেলিকনফারেন্সে হাদিকে বিদেশে পাঠিয়ে বিশেষায়িত চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেস উইং আরও জানায়, গত দুদিনে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা সুবিধা যাচাই করেছে। সর্বশেষ শারীরিক অবস্থা ও বিশেষজ্ঞ চিকিৎসার প্রয়োজন বিবেচনায় সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

হাদির চিকিৎসা ও নিরাপদ স্থানান্তরের বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করছে বলেও জানানো হয়েছে।

বাংলাধারা/এসআর