ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

সন্ধ্যায় দেশে পৌঁছাবে শহীদ ওসমান হাদির মরদেহ, শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১০:৪৮ দুপুর  

ছবি: সংগৃহিত

জুলাই গণঅভ্যুত্থানের অগ্রভাগের সাহসী যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছাবে।

ইনকিলাব মঞ্চ সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুরের স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে শহীদ ওসমান হাদির মরদেহ ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের ঐতিহাসিক দ্য আঙ্গুলিয়া মসজিদে শহীদ ওসমান হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দেশে ফেরার পর তার দ্বিতীয় জানাজা আগামী শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে জানাজায় শরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণা চলাকালে সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন।

ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার মৃত্যুতে আগামী শনিবার (২০ ডিসেম্বর) সারাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

বাংলাধারা/এসআর