২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো দমন-পীড়নের ঘটনায় মিয়ানমার রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আইসিজের এই রায় রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশের জন্য ইতিবাচক আখ্যা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়ে বলেছেন, এই রায়কে ভিত্তি করে তারা যেন মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করে, যাতে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসন প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শুরু করা যায়।আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগ থেকে ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন। এদিন রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মিয়ানমারের ওপর চাপ তৈরির আহ্বান জানান প্রতিমন্ত্রী।প্রতিমন্ত্রী বলেন, এই রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরুর লক্ষ্যে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর চাপ প্রয়োগের একটি বড় সুযোগ তৈরি হয়েছে।শামা ওবায়েদ বলেন, ‘আজ নিঃসন্দেহে একটি ঐতিহাসিক দিন। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে গত ১০ বছর ধরে এই রোহিঙ্গা জনগোষ্ঠী অবস্থান করছে। ২০১৭ সাল থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে। আইসিজেতে আজ যে রায় দেওয়া হয়েছে তা এই বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য এবং বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। বাংলাদেশে যারা আশ্রয়দাতা সম্প্রদায় হিসেবে রয়েছেন কিংবা সামগ্রিকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলব যে এটি একটি ইতিবাচক রায়।’গাম্বিয়াকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘প্রথমেই আমি গাম্বিয়াকে ধন্যবাদ জানাতে চাই। কারণ, তারা সেই সময়ে এই মামলাটি দায়ের করেছিল। মিয়ানমারে এই রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে অবিচার, নৃশংসতা, নিপীড়ন ও গণহত্যা চালানো হয়েছে বা এখনো হচ্ছে—তা বিবেচনায় নিয়ে মানবাধিকারের দিক থেকে এবং মানবিক কারণে গাম্বিয়া এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় যারা বহু বছর ধরে অর্থায়ন, অর্থনৈতিক সহায়তা এবং নানাবিধ মানবিক সাহায্য দিয়ে পাশে দাঁড়িয়েছে, আমি তাদেরও ধন্যবাদ জানাই।’প্রতিমন্ত্রী বলেন, ‘আজ যে রায় দেওয়া হয়েছে, তা অত্যন্ত স্পষ্ট। এই রায়ে বলা হয়েছে যে মিয়ানমার গণহত্যা চালিয়েছে। বিষয়টি একেবারেই পরিষ্কার। সেখানে যে গণহত্যা সংঘটিত হয়েছে এবং রাখাইন রাজ্যে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা এই রায়ের মাধ্যমে বেরিয়ে এসেছে। শুধু তা-ই নয়, তারা আরও অনেক অন্যায় ও নৃশংসতা চালিয়েছে; এই রায়ের বিস্তারিত পড়লে সেসব বিষয়ও সামনে আসবে।’শামা ওবায়েদ বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের একমাত্র আহ্বান হলো, এই রায়কে ভিত্তি করে তারা যেন মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করে, যাতে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসন প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শুরু করা যায়। তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরুর লক্ষ্যে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর চাপ প্রয়োগের একটি বড় সুযোগ তৈরি হয়েছে।’
বাংলাধারা/ডেস্ক
মতামত