ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

১০০ টেস্টেই থামতে চান না মুশফিক

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৭:১৫ বিকাল  

ফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনন্য মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলা অর্জন করা মুশফিক, সেই ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসের ১১তম ক্রিকেটারের কাতারে নাম লিখিয়েছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ২১৭ রানের বিশাল জয়ে জয়ী হয়, ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন মুশফিক।

মিরপুরে ঐতিহাসিক টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার। দ্বিতীয় ইনিংসেও ছিলেন অপরাজিত, করেন ৫৩ রান। তার এমন পারফরম্যান্সেই বাংলাদেশের বড় জয়ের ভিত্তি তৈরি হয়।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে মুশফিক নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া এই ক্রিকেটার বলেন, “আমি এখনও খেলতে চাই। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। ১০০টি ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে এবং এর প্রতিটি সেকেন্ড আমি উপভোগ করেছি।”

তিনি আরও বলেন, “আমি ভাগ্যবান যে সতীর্থদের সঙ্গে যা পারি, সব ভাগ করে নিতে পারছি। একসময় নিজেকে তরুণ মনে হতো, এখন আমি দলে সিনিয়র। তরুণদের পথ দেখানো আমার দায়িত্ব। আশা করি, সবাইকে নিয়ে আমরা বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিতে পারব।”

মুশফিকের এই অভিজ্ঞতা ও নেতৃত্ব নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশের ক্রিকেট ভবিষ্যতে তার মতো সিনিয়র খেলোয়াড়দের সমর্থন পেলে আরও শক্তিশালী হবে।

 

বাংলাধারা/এসআর