প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ
এম এইচ শাহীন ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বহুতল ভবন নির্মাণকে কেন্দ্র করে দুই সৎ ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। ভবন নির্মাণে নিয়ম লঙ্ঘন, জমির সীমানা অতিক্রম এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক) ও জিএমপির বাসন থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা মো. আশরাফুল আলম।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে আশরাফুল আলমের টিনশেড গোডাউনের পাশের জমিতে বহুতল ভবন নির্মাণ শুরু করেন তার সৎ ছোট ভাই আবুল হোসেন। বর্তমানে ভবনটির তৃতীয় তলার ছাদের ঢালাইয়ের কাজ চলছে।
স্থানীয়রা জানান, ভবন নির্মাণসংক্রান্ত অভিযোগ ও জমির সীমানা নিয়ে বিরোধের বিষয়টি পারিবারিক হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথভাবে তদন্ত করা প্রয়োজন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
আশরাফুল আলমের অভিযোগ, ভবন নির্মাণের সময় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ফাঁকা জায়গা না রেখে কাজ করা হচ্ছে। ফলে ভবনের কিছু অংশ তার জমির দিকে চলে এসেছে বলে তিনি দাবি করেন। এছাড়া নির্মাণকাজের বিভিন্ন সামগ্রী পড়ে তার গোডাউনের টিনের চাল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে আপত্তি জানানো হলেও কোনো প্রতিকার পাননি। পরে তিনি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে গত ১৮ জুন জিএমপির বাসন থানায় অভিযোগ দায়ের করা আরেকটি অভিযোগে আশরাফুল আলম দাবি করেন, নির্মাণকাজ নিয়ে কথা বলতে গেলে গত ১৬ জুন বিকেলে আবুল হোসেন ও তার পরিবারের সদস্যরা তাকে ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন অভিযুক্ত আবুল হোসেন। তিনি বলেন, আমি বৈধ অনুমোদন ও প্ল্যান অনুযায়ী ভবন নির্মাণ করছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। একই সঙ্গে তিনি দাবি করেন, তার জমির একটি অংশ অভিযোগকারী পক্ষ দখল করে রেখেছে।
এ বিষয়ে জিএমপির বাসন থানার তদন্তকারী কর্মকর্তা দুলাল চন্দ্র বলেন, এটা পারিবারিক বিষয়, দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছে, আমি ঘটনাস্থলে গিয়ে সমাধান করে দিয়েছি।
মন্তব্য করুন