বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০৮:০০ পিএম

অনলাইন সংস্করণ

ত্বক টানটান রাখতে কোলাজেন মাস্ক কতটা কার্যকর? জানুন বিশেষজ্ঞদের মত

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই দেখা যায়, কন্টেন্ট ক্রিয়েটর, বিউটি ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে তারকারা নিয়মিত কোলাজেন মাস্ক ব্যবহার করছেন। অনেক রূপবিশেষজ্ঞও ত্বকের যত্নে এটি ব্যবহারের পরামর্শ দেন। তবে প্রশ্ন হলো, কোলাজেন মাস্ক কি সত্যিই ত্বকের কোলাজেন বাড়ায়, নাকি এর উপকারিতা সাময়িক?

কোলাজেন কী?

কোলাজেন হলো শরীরে স্বাভাবিকভাবে উৎপন্ন একটি গুরুত্বপূর্ণ প্রোটিন, যা ত্বকের দৃঢ়তা, স্থিতিস্থাপকতা (ইলাস্টিসিটি) এবং মসৃণতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে কোলাজেন উৎপাদন কমে যায়। এর ফলে ত্বকে বলিরেখা, শুষ্কভাব এবং ঢিলে হয়ে যাওয়ার মতো পরিবর্তন দেখা দিতে পারে।

কোলাজেন মাস্কের আসল কাজ কী?

কোলাজেন মাস্ক মূলত ত্বকে আর্দ্রতা যোগায় এবং অল্প সময়ের জন্য ত্বককে আরও কোমল, সতেজ ও উজ্জ্বল দেখাতে সাহায্য করে। বিশেষ কোনো অনুষ্ঠান, পার্টি বা গুরুত্বপূর্ণ দিনের আগে এই ধরনের শিট মাস্ক ব্যবহার করলে মুখে তাৎক্ষণিক একটি সতেজ ভাব আসে।

তবে একটি বিষয় মনে রাখা জরুরি-কোলাজেন মাস্ক ত্বকের গভীরে গিয়ে নতুন কোলাজেন তৈরি করে বা শরীরের কোলাজেনের ঘাটতি পূরণ করে,এমন দাবির পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই এটিকে ত্বকের যত্নের একটি সহায়ক উপাদান হিসেবে দেখা উচিত, অলৌকিক সমাধান হিসেবে নয়।

কীভাবে ব্যবহার করবেন?

কোলাজেন মাস্ক ব্যবহারের আগে অবশ্যই মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন। এরপর মাস্কটি মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রাখুন। নির্ধারিত সময়ের বেশি মাস্ক মুখে রাখা ঠিক নয়, কারণ এতে উল্টো ত্বক থেকে আর্দ্রতা শোষিত হতে পারে।

মাস্ক খুলে ফেলার পর মুখে থাকা অতিরিক্ত সিরাম হালকা হাতে ম্যাসাজ করে ত্বকে শোষণ হতে দিন। এরপর প্রয়োজনে একটি ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।

যাদের জন্য সতর্কতা

যাদের ত্বক খুব সংবেদনশীল বা সহজেই অ্যালার্জি হয়, তারা কোলাজেন মাস্ক ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিন। মাস্ক ব্যবহারের পর ত্বকে জ্বালাপোড়া, চুলকানি, লালচে ভাব বা র্যাশ দেখা দিলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন।

শুধু মাস্ক নয়, দরকার সমন্বিত যত্ন

ত্বক দীর্ঘদিন সুস্থ, টানটান ও উজ্জ্বল রাখতে শুধু কোলাজেন মাস্কের ওপর নির্ভর করলেই হবে না। পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর ও সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান, প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার এবং নিয়মিত স্কিনকেয়ার রুটিন অনুসরণ করাই সুন্দর ত্বকের সবচেয়ে কার্যকর উপায়।

কোলাজেন মাস্ক তাৎক্ষণিক সতেজতা এনে দিতে পারে, তবে স্থায়ীভাবে ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে প্রয়োজন সঠিক জীবনযাপন ও নিয়মিত যত্ন।

বাংলাধারা/শারমিন

মন্তব্য করুন