বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:৫৮ পিএম

অনলাইন সংস্করণ

শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে আরও পিছিয়েছে বাংলাদেশ, নেমে এসেছে ৯৭তম স্থানে

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের জুলাইয়ে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৯৭তম, যা বছরের শুরুতে ছিল ৯৫তম। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স গত ২১ জুলাই তাদের সর্বশেষ পাসপোর্ট সূচক প্রকাশ করে। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি সম্ভাব্য গন্তব্যে ভ্রমণের সুযোগ বিশ্লেষণ করে এ সূচক তৈরি করা হয়। কোনো দেশের নাগরিক আগাম ভিসা ছাড়াই বা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় কতটি দেশে প্রবেশ করতে পারেন, তার ভিত্তিতেই এই র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়।

সর্বশেষ সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন ৩৫টি দেশে আগাম ভিসা ছাড়াই অথবা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারবেন। জানুয়ারি ২০২৬ এবং ২০২৫ সালের সূচকে এই সংখ্যা ছিল ৩৭টি। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে বাংলাদেশ দুটি সহজ ভিসা সুবিধার গন্তব্য হারিয়েছে।

তবে দীর্ঘমেয়াদি চিত্রে কিছুটা ইতিবাচক দিকও রয়েছে। ২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। সেই তুলনায় চলতি বছরের জুলাইয়ে তিন ধাপ এগিয়ে ৯৭তম স্থানে উঠে এসেছে দেশটি।

হেনলি ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ১৭টি দেশ ও অঞ্চলে সম্পূর্ণ ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পান। এছাড়া ১৪টি দেশে পৌঁছানোর পর ভিসা (ভিসা অন অ্যারাইভাল) নেওয়া যায় এবং আরও চারটি দেশে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) নিয়ে ভ্রমণ করা সম্ভব।

গত দুই দশকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থানে বড় ধরনের অবনতি হয়েছে। ২০০৬ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৬৮তম। এরপর ধাপে ধাপে পিছিয়ে ২০২১ সালের জুলাইয়ে সর্বনিম্ন ১০৮তম স্থানে নেমে যায়। পরে কিছুটা উন্নতি হয়ে ২০২২ সালে ১০৩তম, ২০২৩ সালে ১০১তম এবং ২০২৪ সালে ৯৭তম স্থানে ওঠে। ২০২৫ সালে আবার ১০০তম স্থানে নেমে গেলেও ২০২৬ সালের জানুয়ারিতে ৯৫তম স্থানে উন্নীত হয়। তবে জুলাইয়ের হালনাগাদ সূচকে আবারও দুই ধাপ পিছিয়ে ৯৭তম স্থানে নেমেছে বাংলাদেশ।

২০২৬ সালের জুলাই সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন।

দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের নাগরিকদের জন্য উন্মুক্ত ১৮৮টি গন্তব্য। অন্যদিকে সূচকের সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান, যার নাগরিকরা মাত্র ২২টি দেশে ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধায় প্রবেশ করতে পারেন।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যার অবস্থান ৫২তম। এরপর রয়েছে ভারত (৮১তম), ভুটান (৮৮তম), মিয়ানমার (৯১তম), শ্রীলঙ্কা (৯৪তম), বাংলাদেশ (৯৭তম), নেপাল (৯৮তম) এবং পাকিস্তান (১০১তম)।

বাংলাধারা/শারমিন

 

মন্তব্য করুন