প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ
ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ে নিজেকে কিংবদন্তির আসনে প্রতিষ্ঠিত করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে এবার বিনোদন জগতেও বড় পদক্ষেপ নিলেন তিনি। নতুন এক টেলিভিশন ড্রামা সিরিজের মাধ্যমে হলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে ‘সিআর সেভেন’-এর।
ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিত হতে যাওয়া এই সিরিজের নাম ‘ডে ওয়ানস’ (Day Ones)। এতে শুধু অভিনয়ই নয়, প্রযোজকের ভূমিকাতেও থাকবেন রোনালদো। এটি ফুটবলের বাইরের জগতে তার অন্যতম বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
রোনালদোর সঙ্গে সিরিজটিতে অভিনয় করবেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি। তবে এটি কোনো বাস্তব ফুটবলারের জীবনীভিত্তিক গল্প নয়। কাহিনির কেন্দ্রবিন্দুতে থাকবেন স্ট্যানলি ডাল্টন নামের এক কাল্পনিক প্রভাবশালী ফুটবল এজেন্ট।
মূল চরিত্রে অভিনয় করবেন ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’খ্যাত হলিউড অভিনেতা ড্যামিয়ান লুইস। এছাড়া সিরিজটিতে থাকছেন ব্রিটিশ র্যাপার ডেভ এবং নতুন মুখ কার্লোটা বানাত।
নতুন এ প্রকল্প নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদো বলেন, ‘এই প্রকল্প নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। এটি আমার জীবনের নতুন একটি অধ্যায়ের সূচনা। নতুন কিছু করতে আমি সবসময়ই ভালোবাসি। আশা করছি, দর্শকরা আমাদের এই কাজটি উপভোগ করবেন।’
ইতোমধ্যে লন্ডনের বার্নেট ফুটবল ক্লাবের স্টেডিয়ামে ড্যামিয়ান লুইস ও থিয়েরি অঁরিকে নিয়ে সিরিজটির শুটিং শুরু হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, এটি হালকা বিনোদনের গল্প নয়; বরং ব্রিটিশ ফুটবলের অন্তরালের বাস্তবতা, ক্ষমতার লড়াই এবং নাটকীয় ঘটনাপ্রবাহকে তুলে ধরাই হবে সিরিজটির মূল উদ্দেশ্য।
ফুটবলের ইতিহাসের অন্যতম সফল এই তারকা এবার ক্যামেরার সামনেও নিজের নতুন পরিচয় গড়তে প্রস্তুত। মাঠের সাফল্যের পর অভিনয় ও প্রযোজনায় রোনালদোর এই নতুন যাত্রা নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন