প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
দেশে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নতুন বিনিয়োগ নিশ্চিত করতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনের প্রধান শর্তই হলো নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ। আর সে লক্ষ্যেই সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা ব্যবস্থা। বিনিয়োগকারীরা সবসময় এমন পরিবেশে বিনিয়োগ করতে চান, যেখানে তাদের পুঁজি, ব্যবসা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত থাকে। নিরাপত্তা নিয়ে সামান্য অনিশ্চয়তাও বিনিয়োগের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।
তিনি জানান, সিইআইজেডসহ দেশের সব বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। শিল্পাঞ্চলগুলোতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এ সময় বাংলাদেশ চীনা অর্থনৈতিক অঞ্চলের চেয়ারম্যান ওয়াং বেংকিয়েন, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) ভাইস প্রেসিডেন্ট লি চাংগুই, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ইয়েন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, আনোয়ারার চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পুরোপুরি চালু হলে দেশে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক বিনিয়োগ আসবে এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে এ সম্ভাবনা বাস্তবায়নে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন