বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৩৫ এ এম

অনলাইন সংস্করণ

ট্রেনের যাত্রাবিরতির দাবিতে অবরোধ, এক ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

ছবি; সংগৃহিত

ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তনগর যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে জামালপুর থেকে ঢাকাগামী আন্তনগর যমুনা ট্রেনটি আটকা পড়ে। ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার (১২ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটের দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মশাখালী এলাকায় ট্রেনটি আটকে দেওয়া হয়। এর প্রায় এক ঘণ্টা পর সকাল ৮টা ৫৫ মিনিটে আন্তনগর যমুনা ট্রেনটি সেখান থেকে ছেড়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, মশাখালী স্টেশনে যমুনা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দারা গত ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন করছেন। আজ সকাল থেকে তারা ট্রেনটি আটকে রেখেছিলেন। পরে আন্দোলনকারীদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার পর সকাল ৮টা ৫৫ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন