প্রকাশিত: ৫৫ মিনিট আগে, ১০:০৯ এ এম
অনলাইন সংস্করণ
বঙ্গোপসাগরে ভারতের ওড়িশা উপকূলের কাছে পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে থাকা ২৪ নাবিকের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হলেও বাংলাদেশিসহ বাকি ২২ জন এখনো নিখোঁজ রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘এমভি ওশন উইনার’ নামের জাহাজটি প্রায় ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক নিয়ে গত ২০ আগস্ট ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে। জাহাজটিতে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিক ছিলেন।
শনিবার জাহাজটি পারাদ্বীপ বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের একটি এলাকায় ডুবে যায়। ঠিক কী কারণে এবং কখন জাহাজটি ডুবে যায়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভারতীয় কোস্টগার্ডের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারের (এমআরসিসি) কর্মকর্তারা জানান, শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে এমভি ওশন উইনারের নির্মাতা প্রতিষ্ঠানের একটি সহযোগী সংস্থা তাদের সঙ্গে যোগাযোগ করে। সংস্থাটি জানায়, জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একই সঙ্গে জাহাজটির অবস্থান শনাক্ত এবং নাবিকদের উদ্ধারে সহায়তার অনুরোধ করা হয়।
খবর পাওয়ার পর সম্ভাব্য দুর্ঘটনাস্থলে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে ভারতীয় কোস্টগার্ড। কয়েক ঘণ্টার অভিযানের পর রাত ৮টার দিকে দুই নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে বাকি ২২ জনের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।
উদ্ধার তৎপরতায় ভারতীয় কোস্টগার্ডের সঙ্গে যোগ দিয়েছে দেশটির নৌবাহিনীও। নিখোঁজ নাবিকদের সন্ধানে নৌবাহিনীর তিনটি জাহাজ—ভারাদ, আনমোল ও বিজিত- মোতায়েন করা হয়েছে। প্রতিকূল সামুদ্রিক পরিস্থিতির মধ্যেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
জাহাজডুবির সঠিক সময় ও কারণ এখনো স্পষ্ট নয়। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এদিকে নিখোঁজ ২২ নাবিকের মধ্যে থাকা বাংলাদেশি নাগরিকের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তার পরিবারের সঙ্গে যোগাযোগ বা সর্বশেষ অবস্থান সম্পর্কেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন