রংপুর ব্যুরো

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

রংপুরে চার খুনের প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ: কমিশনার

ছবি: বাংলাধারা

রংপুর নগরীর কামাল কাছনা বৈরাগীপাড়ার মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্য হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবাগত কমিশনার মাহবুবুর রশীদ।

দায়িত্ব গ্রহণের পর শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনাস্থল গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন করেন নবাগত পুলিশ কমিশনার। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেন, আলোচিত চার খুনের সব প্রশ্নের উত্তর খুঁজে বের করাই এখন পুলিশের অন্যতম দায়িত্ব। তদন্তে পাওয়া তথ্য ও ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত বিচার-বিশ্লেষণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, মামলাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তদন্তে যেসব প্রশ্ন সামনে আসবে, সেগুলো পেশাদারিত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। প্রতিটি বক্তব্য, সাক্ষ্য ও প্রমাণ যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্ত শেষে জবাবদিহিতা নিশ্চিত করে সঠিকভাবে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে, যাতে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পায়।

মাহবুবুর রশীদ আরও বলেন, এ ধরনের ঘটনায় কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। তদন্তে তথ্যপ্রযুক্তির পাশাপাশি গোয়েন্দা সহায়তা নেওয়া হচ্ছে। দ্রুতই মামলার তদন্তে ভালো অগ্রগতি পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান পুলিশ কমিশনার।

উল্লেখ্য, গত শনিবার রংপুর নগরীর কামাল কাছনা এলাকার নিজ বাড়ি থেকে শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী আগামী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তী আয়ুশের (১২) মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গণপতি চক্রবর্তীর ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধ নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে হাজির করা হলে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে মামলাটির তদন্ত করছে ডিবি পুলিশ।

 

বাংলাধারা/শারমিন

মন্তব্য করুন