প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৪৪ এ এম
অনলাইন সংস্করণ
পরিচ্ছন্ন নগরী ও নাগরিক সেবার নানা প্রতিশ্রুতির কথা শোনা গেলেও ফেনী পৌরসভার ১৬ নং ওয়ার্ডের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার বাস্তব চিত্র সম্পূর্ণ বিপরীত। ময়লার স্তূপ, বন্ধ ড্রেন, তীব্র দুর্গন্ধ ও মশার উপদ্রবে এখানকার মানুষের নিত্যদিনের জীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।স্থানীয়দের মধ্যে বর্তমানে ডেঙ্গু আতঙ্ক সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত ময়লা অপসারণ না করায় বিভিন্ন পয়েন্টে ময়লা-আবর্জনার স্তূপ জমে গেছে। দুর্ঘন্ধে সাধারণ মানুষের চলাচল করা কঠিন হয়ে পড়েছে। দুই-চার দিন পার হয়ে গেলেও ময়লার গাড়ি না আসায় বাধ্য হয়ে অনেকে খোলা জায়গায় আবর্জনা ফেলছেন। এর ফলে পরিবেশ দ্রুত নষ্ট হচ্ছে।এছাড়া ময়লা-আবর্জনায় ড্রেনগুলোর মুখ বন্ধ হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। নোংরা ও পচা পানির দুর্গন্ধে ডেঙ্গুসহ বিভিন্ন মারাত্মক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। বাসিন্দাদের দাবি, দিন দিন ঘরে ঘরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। অনেক পরিবারে একাধিক সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, যা পুরো এলাকায় চরম আতঙ্ক তৈরি করেছে।নাগরিকরা বলছেন, মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পর প্রতিকার খোঁজার চেয়ে রোগ সৃষ্টির আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।জনস্বার্থে ও জনদুর্ভোগ লাঘবে ফেনী পৌরসভা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। অবিলম্বে পুরো এলাকা পরিষ্কার করা, নিয়মিত ময়লা অপসারণ নিশ্চিত করা, বন্ধ ড্রেনগুলো সচল করা এবং মশা নিধনে কার্যকর ফগার মেশিন বা স্প্রে ছিটানোর জোরালো দাবি জানিয়েছেন তারা।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন