বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে ও ধাক্কায় দুজন নিহত

ছবি; সংগৃহিত

চট্টগ্রামের দুটি ভিন্ন স্থানে ট্রেনে কাটা পড়ে ও ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে নগরীর মৌলভীবাজার রেলওয়ে সেকশন এবং লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় পৃথক এই দুর্ঘটনা দুটি ঘটে। রেলওয়ে পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন মৌলভীবাজার সেকশনের ১৩/৩ কিলোমিটার এলাকায় ট্রেনের নিচে কাটা পড়েন জিটু দাশ (৫৪) নামের এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ আপ ও ডাউন লাইনের মাঝখান থেকে তার বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে। পরে পরিহিত প্যান্টের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। নিহত জিটু দাশ রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলাল দাশ ও কল্পনা দাশের ছেলে। ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) অসীম চন্দ্র ধর জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপদিকে, একই দিন দুপুরে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ রেললাইন এলাকায় ট্রেনের ধাক্কায় মো. শাহাবুদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 
তিনি পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকার আব্দুস সোবহানের ছেলে। 
স্থানীয়রা জানান, শাহাবুদ্দিন শ্রবণপ্রতিবন্ধী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকার পূর্ব পাশে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন শাহাবুদ্দিন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লোহাগাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিদার হোসেন জানান, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে এক যুবককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন