বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৫৭ মিনিট আগে, ১১:৩৪ এ এম

অনলাইন সংস্করণ

মেসিকে আর্জেন্টাইন ফুটবলে আর দেখতে চান না রিকেলমে

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির জাতীয় দল থেকে অবসর নেওয়া নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা হুয়ান রোমান রিকেলমে। দীর্ঘদিনের সাবেক সতীর্থকে ভূয়সী প্রশংসায় ভাসালেও মেসিকে আর আর্জেন্টাইন ফুটবলে ফেরার প্রয়োজন নেই বলেই মনে করেন তিনি। বরং যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) থেকেই নিজের মতো করে ক্যারিয়ারের শেষটা উপভোগ করার পরামর্শ দিয়েছেন রিকেলমে।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রিকেলমে বলেন, মেসি আর্জেন্টিনার হয়ে যা অর্জন করেছেন, এরপর তার কাছে আর কিছু চাওয়ার নেই। তার মতে, জাতীয় দলের হয়ে মেসি নিজের এবং পুরো দেশের প্রায় সব স্বপ্নই পূরণ করেছেন।

রিকেলমের ভাষায়, মেসির কৃতিত্বের যথাযথ মূল্যায়ন করা উচিত। সর্বকালের সেরা খেলোয়াড় কি না, সে বিতর্ক থাকলেও এত দীর্ঘ সময় ধরে বিশ্বসেরাদের কাতারে থাকা মেসির মতো ফুটবলার খুব কমই দেখা গেছে।

মেসির সঙ্গে নিজের স্মৃতিও তুলে ধরেন রিকেলমে। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে দুজন একসঙ্গে আর্জেন্টিনার হয়ে সোনার পদক জিতেছিলেন। সেই সময়ের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক এই তারকা।

রিকেলমে বলেন, মেসির মতো খেলোয়াড়কে পাওয়ার সৌভাগ্য আর্জেন্টাইনরা ভবিষ্যতে আর পাবে কি না, তা তিনি জানেন না। দিয়েগো ম্যারাডোনার যুগ শেষ হওয়ার পরও আর্জেন্টিনার মানুষ মনে করেছিল, তার মতো আর কেউ আসবে না। কিন্তু এরপর মেসির আবির্ভাব হয়েছে, যিনি অনেকের চোখে ম্যারাডোনার সমকক্ষ, এমনকি তার চেয়েও বড়।

তার মতে, মেসিকে এখন নিজের ইচ্ছামতো ফুটবল উপভোগ করার সুযোগ দেওয়া উচিত। যতদিন তিনি খেলতে চান, ততদিন যুক্তরাষ্ট্রে থেকেই খেলতে দেওয়া হোক। একই সঙ্গে আর্জেন্টাইনরা সবসময় তাকে সেই ভালোবাসা দিয়ে যাবে, যার তিনি প্রাপ্য।

রিকেলমে আরও বলেন, বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মেসি যা অর্জন করেছেন, তাতে জাতীয় দলের জন্য তার আর কিছু প্রমাণ করার নেই। তার জায়গা পূরণ করার মতো কেউ নেই বলেও মনে করেন তিনি।

এ কারণেই মেসিকে আবার আর্জেন্টাইন ফুটবলে ফেরানোর চেষ্টা না করে যুক্তরাষ্ট্রেই থাকার পরামর্শ দিয়েছেন রিকেলমে। তার ভাষায়, মেসির এখন উচিত নিজের মতো করে ক্যারিয়ারের শেষ অধ্যায় উপভোগ করা। একই সঙ্গে তিনি যেন দূর থেকে আর্জেন্টাইন ফুটবলের একজন সমর্থক হয়ে থাকেন।

বর্তমানে এমএলএসের ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি ২০২৮ মৌসুম পর্যন্ত। তবে এরপরও তিনি খেলোয়াড় হিসেবে ক্লাবটিতে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। অন্যদিকে শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে ফেরার সম্ভাবনা নিয়েও দীর্ঘদিন ধরে গুঞ্জন রয়েছে।

তবে রিকেলমের মন্তব্যে সেই সম্ভাবনায় নতুন মাত্রা যোগ হয়েছে। তার বিশ্বাস, আর্জেন্টাইন ফুটবলে ফিরে আসার চেয়ে যুক্তরাষ্ট্রে থেকেই মেসির নিজের মতো করে শেষ সময়ের ফুটবল উপভোগ করাই হবে বেশি উপযুক্ত।

বাংলাধারা/শারমিন

 

মন্তব্য করুন