প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ
বলিউডের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সচরাচর শিরোনামে আসেন সহশিল্পীদের কটু কথা বলে কিংবা নতুন কোনো বিতর্কের জন্ম দিয়ে। তবে এবার তার সম্পূর্ণ বিপরীত এক রূপ দেখল অনুরাগীরা। তামিলনাড়ুর রাজনৈতিক উত্তাপের মাঝে দক্ষিণী তারকা তৃষা কৃষ্ণানের পাশে দাঁড়িয়ে নারীদের সম্মান ও অধিকার রক্ষায় কড়া বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-র নেতা উদয়নিধি স্ট্যালিনের এক রাজনৈতিক সভায় ঘটে এক অপ্রীতিকর ঘটনা। সভা থেকে অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সময় ভিড়ের মধ্য থেকে অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে নিয়ে কুৎসিত ও আপত্তিকর স্লোগান তোলা হয়। একজন প্রথম সারির শিল্পীকে নিয়ে এমন কুরুচিপূর্ণ আচরণ নেটদুনিয়ায় তীব্র সমালোচনার ঝড় তোলে। এ ঘটনার পর কঠোর হুঁশিয়ারি দিয়ে বিজয়ের স্পষ্ট বার্তা, নারীদের নিয়ে যেকোনো ধরনের নোংরা মন্তব্য বা চরিত্রহননের চেষ্টা করা হলে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা।
তৃষা কৃষ্ণানের বিষয়টি টেনে কঙ্গনা বলেন, ‘তামিলনাড়ুতে যা ঘটেছে, তা সবারই জানা। একজন অত্যন্ত সম্মানিত শিল্পীকে অহেতুক রাজনৈতিক টানাপোড়েনে জড়িয়ে অপমান করা হয়েছে। কোনো সম্পর্কে দুই পক্ষের সম্মতি থাকলেও, কাদা ছোড়াছুড়ি ও চরিত্রহননের ক্ষেত্রে সবসময় নিশানা করা হয় নারীকেই।’
কঙ্গনার এমন সহমর্মিতা ও স্পষ্টবাদী অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। বিনোদনপ্রেমীদের মতে, ব্যক্তিগত মতপার্থক্য ভুলে যেকোনো নারীর সম্মানের প্রশ্নে কঙ্গনার এই প্রতিবাদী ভূমিকা সত্যিই ব্যতিক্রমী ও প্রশংসনীয়।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন