প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে মাদকসেবনের সময় দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের দীর্ঘদিন ধরে অপরিষ্কার থাকা একটি পুকুর পরিষ্কারের কাজে নিয়োজিত করা হয়।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের ডাকবাংলা সংলগ্ন জসিম ব্রিকস ফিল্ড এলাকায় মাদকসেবনের সময় স্থানীয়রা ওই দুজনকে আটক করেন। পরে মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনারের নেতৃত্বে স্থানীয়রা তাদের বক্তারমুন্সী বাজার এলাকায় নিয়ে আসেন।স্থানীয়দের ভাষ্য, বক্তারমুন্সী বাজারের একটি পুকুর দীর্ঘদিন ধরে অপরিষ্কার অবস্থায় পড়ে ছিল। সেখানে ময়লা-আবর্জনা ও আগাছায় পুকুরটির পরিবেশ নষ্ট হচ্ছিল। পরে আটক দুই ব্যক্তিকে ওই পুকুর পরিষ্কারের কাজে নিয়োজিত করা হয়।স্থানীয়দের এ উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা সৃষ্টি হয়। তাদের দাবি, মাদকসেবনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা তৈরি এবং তরুণদের মাদক থেকে দূরে রাখতে সামাজিকভাবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।স্থানীয়রা বলেন, মাদকসেবন শুধু ব্যক্তির ক্ষতি করে না, এর প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। তাই মাদকবিরোধী সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করা প্রয়োজন।তবে আটক দুই ব্যক্তির পরিচয় এবং তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাধারা/রবিউল হাসান রবি
মন্তব্য করুন