ঢাকা, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

নির্বাচনী জনসভায় আজ চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ০৫, ২০২৬, ০৮:১১ সকাল  

ছবি: সংগৃহিত

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরের মূল কর্মসূচি হিসেবে সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

জেলা জামায়াত নেতারা জানিয়েছেন, এই জনসভায় জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী এলাকার নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি থাকবে। তাঁদের প্রত্যাশা, লক্ষাধিক মানুষের সমাগমে জনসভাটি চাঁপাইনবাবগঞ্জের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি বড় আয়োজন হিসেবে বিবেচিত হবে।

আওয়ামী লীগ সরকার পতনের পর এটি ডা. শফিকুর রহমানের দ্বিতীয় চাঁপাইনবাবগঞ্জ সফর। এর আগে ২০২৪ সালের ১৯ অক্টোবর তিনি প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ সদরে জামায়াতের জনসভায় বক্তব্য দেন। সে সময়ও তার উপস্থিতিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

আজকের জনসভায় সভাপতিত্ব করবেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির আবু জার গিফারী। সভায় আরও উপস্থিত থাকবেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দলীয় জোটের শীর্ষ নেতারা।

সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের প্রার্থীরাও বক্তব্য রাখবেন। তারা হলেন-চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী ও রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির ড. মিজানুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল।

দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে জামায়াতের রাজনৈতিক অবস্থান, নির্বাচনী প্রতিশ্রুতি এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হবে। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন, কর্মসংস্থান ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও গুরুত্ব পাবে বক্তৃতায়।

জামায়াত নেতারা বলছেন, এই জনসভা শুধু নির্বাচনী প্রচারণার অংশ নয়, বরং জেলার রাজনীতিতে দলটির শক্ত অবস্থান ও সাংগঠনিক প্রস্তুতির বহিঃপ্রকাশ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাধারা/এসআর