প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর প্রযুক্তির চাহিদা দ্রুত বাড়ায় জাপানের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান কিওক্সিয়া নতুন কারখানায় উৎপাদন বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।
কিওক্সিয়া আশা করছে, তাদের নতুন এই কারখানা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর ব্যাপক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টার তৈরির প্রতিযোগিতা চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় বড় ধরনের গতি এনেছে। বিশেষ করে মেমোরি চিপের ঘাটতি তৈরি হওয়ায় এর দামও বেড়েছে।
এই প্রবৃদ্ধির সুফল পাচ্ছে কিওক্সিয়া।
প্রযুক্তি খাতের বাইরে খুব বেশি পরিচিত না হলেও চলতি বছরে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় সাত গুণ বেড়েছে। জুন মাসে অল্প সময়ের জন্য বাজারমূল্যের দিক থেকে এটি টয়োটাকেও ছাড়িয়ে জাপানের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হয়ে উঠেছিল।
এশিয়ার প্রযুক্তি সরবরাহ ব্যবস্থার আরও কিছু অপেক্ষাকৃত অপরিচিত প্রতিষ্ঠানও এখন বড় সাফল্য পাচ্ছে। এর মধ্যে রয়েছে— দক্ষিণ কোরিয়ার এসকে হাইনিক্স, যারা বিশ্বের অন্যতম বড় শেয়ার বিক্রির মাধ্যমে গত সপ্তাহে ওয়াল স্ট্রিটে তালিকাভুক্ত হয়েছে।
ডিজিটাল তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত বিভিন্ন ধরনের মেমোরি চিপ এআই ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব চিপ শক্তিশালী প্রসেসরের সঙ্গে কাজ করে, যা বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে চ্যাটবটের উত্তর বা বাস্তবসম্মত ছবি তৈরি করতে সক্ষম।
কিওক্সিয়ার প্রধান নির্বাহী হিরো ওতা চলতি মাসে উত্তর জাপানে নতুন চিপ কারখানা পরিদর্শনের সময় বলেন, ‘এআই ব্যবহারের পরিমাণ দ্রুত বাড়ছে। তাই আমরা আশা করছি, আমাদের তৈরি ফ্ল্যাশ মেমোরির বাজার আরও সম্প্রসারিত হবে।’
কিওক্সিয়া মূলত ন্যান্ড ফ্ল্যাশ চিপ তৈরি করে।
বাংলাধারা/ডেক্স
মন্তব্য করুন