বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:০৪ এ এম

অনলাইন সংস্করণ

চট্টগ্রামে অস্ত্র তৈরির কারখানায় অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ২

ছবি; সংগৃহিত

চট্টগ্রামের হাটহাজারীতে অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় অস্ত্র তৈরির সময় হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে হাটহাজারী থানাধীন ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন মির্জাপুর ২ নম্বর ওয়ার্ডের জামাল মিস্ত্রীর বাড়ির মৃত চান মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৪৪) এবং একই এলাকার মালেক ড্রাইভারের বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির।
পুলিশ জানায়, অভিযানের সময় একটি অস্ত্র তৈরির কারখানায় অস্ত্র তৈরির কাজে ব্যস্ত অবস্থায় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সময় দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই চলছে। 
তিনি বলেন, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে হাটহাজারী থানা পুলিশের অভিযান চলমান থাকবে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন