বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০২:৫১ পিএম

অনলাইন সংস্করণ

টপ এন্ড টি-টোয়েন্টিতে ফিরছেন সাব্বির, উপেক্ষিত আকবর

ছবি: সংগৃহীত

আসন্ন টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড প্রায় চূড়ান্ত। দীর্ঘদিন পর আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো দলে সুযোগ পাচ্ছেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। তবে আলোচনার কেন্দ্রে থাকা যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি এবারও জায়গা পাননি।

আগামী ২১ আগস্ট অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে পর্দা উঠবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের। তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। এবারের আসরে বাংলাদেশ ছাড়াও খেলবে নেপাল জাতীয় দল, নিউজিল্যান্ড ‘এ’ দল, বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং নর্দান টেরিটরি স্ট্রাইকের একাডেমি দল।

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি, তবে স্কোয়াড প্রায় চূড়ান্ত বলেই জানা গেছে।

দীর্ঘ বিরতির পর আবারও বিসিবির কর্মসূচিতে ফিরছেন সাব্বির রহমান। ইতোমধ্যে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন তিনি। জাতীয় দলের বাইরে থাকা এই অভিজ্ঞ ব্যাটারের জন্য টুর্নামেন্টটি হতে পারে নিজেকে নতুন করে প্রমাণ করার বড় মঞ্চ।

বাংলাদেশ ‘এ’ দলে আরও থাকছেন শামীম হোসেন পাটোয়ারী, হাবিবুর রহমান সোহান, জিসান আলম, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলী রাব্বি ও আবু হায়দার রনির মতো ক্রিকেটাররা।

অন্যদিকে, যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলির জন্য হতাশার খবরই এসেছে। এই সিরিজেও তার নাম নেই সম্ভাব্য দলে। শুধু ‘এ’ দলই নয়, সাম্প্রতিক সময়ে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটসহ বিসিবির কোনো কর্মসূচিতেই দেখা যাচ্ছে না এই উইকেটকিপার-ব্যাটারকে।

আগামী ২২ আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে বাংলাদেশ ‘এ’ দল। ডারউইনের টিআইও স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

পরদিন ২৩ আগস্ট একই ভেন্যুতে দুপুর ১টা ৩০ মিনিটে হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এরপর ২৪ আগস্ট ডিএক্সসি মাঠে ক্রিকেট ভিক্টোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়। ২৫ আগস্ট একই মাঠে বিকেল ৩টা ৩০ মিনিটে প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স।

গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন লড়াইটি অপেক্ষা করছে ২৭ আগস্ট। সেদিন বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে খেলবে টাইগাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৮ আগস্ট, প্রতিপক্ষ স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইকের একাডেমি দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।

দীর্ঘদিন পর সাব্বির রহমানের প্রত্যাবর্তন যেমন আলোচনায়, তেমনি ধারাবাহিকভাবে আকবর আলির উপেক্ষিত থাকা নিয়েও ক্রিকেটাঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বাংলাধারা/শারমিন 

মন্তব্য করুন