প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:১৫ এ এম
অনলাইন সংস্করণ
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৭১ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে সবচেয়ে কম পাসের হার মাদ্রাসা শিক্ষা বোর্ডে- ৫৫ দশমিক ৪৯ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
বোর্ডভিত্তিক ফলাফলে দেখা যায়, ঢাকা বোর্ডের পর রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। কুমিল্লা বোর্ডে ৬৫ দশমিক ৪২ শতাংশ, যশোরে ৬৬ দশমিক ২৭ শতাংশ এবং চট্টগ্রাম বোর্ডে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
এ ছাড়া বরিশাল বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ, সিলেট বোর্ডে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৮ দশমিক ০৫ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৫৭ দশমিক ৩৯ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।
সব বোর্ড মিলিয়ে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
গত বছরের তুলনায় এবার সার্বিক ফলাফলে অবনতি হয়েছে। ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফলও গত বছরের তুলনায় পিছিয়েছে। চলতি বছর এসব বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশীয় পয়েন্ট।
পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখের বেশি শিক্ষার্থী
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
মোট পরীক্ষার্থীর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ছিল ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।
এ বছর দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।
ফলাফলে ঢাকা বোর্ডের সাফল্য যেমন শিক্ষাব্যবস্থার ইতিবাচক দিক তুলে ধরেছে, তেমনি মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ কয়েকটি বোর্ডে তুলনামূলক কম পাসের হার শিক্ষার মান, পাঠদানের পরিবেশ ও পরীক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে নতুন করে বিশ্লেষণের প্রয়োজনীয়তা সামনে এনেছে। একই সঙ্গে সার্বিক পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়ায় এবারের ফলাফল নিয়ে শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে চলছে নানা আলোচনা।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন