বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:০২ পিএম

অনলাইন সংস্করণ

যশোরে বাসের ধাক্কায় ফুফু-ভাতিজা নিহত

ছবি; সংগৃহিত

যশোরের অভয়নগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী ফুফু-ভাতিজা নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ ইউনিয়নের মজুমদার ব্রান অয়েল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— আমজেদ গাজী (৫৪) ও আছিরন বিবি (৬৫)। আমজেদ গাজী উপজেলার মশরহাটী গ্রামের হাকিম গাজীর ছেলে। আছিরন বিবি লক্ষীপুর গ্রামের মৃত মালেক সরদারের স্ত্রী। তিনি আমজেদ গাজীর ফুফু।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে মজুমদার ব্রান অয়েল মিলের সামনে যশোরগামী গড়াই পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। মোটরসাইকেলটি বাসের সামনের ইঞ্জিনের পাশে আটকে যায়। পরে বাসটি ফেলে চালক ও সহকারীরা পালিয়ে যান।
পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজনিন নিগার বলেন, একজন পুরুষকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আহত নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রাথমিকভাবে মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গড়াই পরিবহনের বাসটি হেফাজতে নেওয়া হয়েছে। মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, পলাতক বাসচালক ও সহকারীদের আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন