বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০১:২০ পিএম

অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ করা হবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান, ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, রুহিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ভুল্লি উপজেলা নির্বাচন কর্মকর্তা।

উপনির্বাচনে দেশের বাইরে থাকা ভোটারদের জন্য ‘আউট অব কান্ট্রি’ ভোটিংয়ের ব্যবস্থাও থাকছে। ইসি জানিয়েছে, গত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের জন্য ৩৩টি দেশ থেকে মোট ৩৮৬ জন ভোটার বিদেশ থেকে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার সৌদি আরব থেকে নিবন্ধিত হন। এ ছাড়া দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ৪ হাজার ৪৫ জন। এর মধ্যে সরকারি চাকরিজীবী ছিলেন ২ হাজার ৭৩৫ জন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। গত ২২ আগস্ট সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৩ নম্বর ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী ওই তারিখ থেকেই আসনটি শূন্য হয়েছে। সেই শূন্য আসনেই এখন উপনির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন।

 

বাংলাধারা/শারমিন

মন্তব্য করুন