বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ১২:০৫ পিএম

অনলাইন সংস্করণ

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হওয়ায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সম্ভাব্য সংঘাত ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসনের পক্ষ থেকে এ আদেশ জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার নির্ধারিত স্থানে চার বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সংঘর্ষ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জননিরাপত্তা নিশ্চিত করতে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ কার্যকর করতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে এনসিপি কর্মসূচি ঘোষণা করলে একই সময়ে বিএনপিও কর্মসূচি দেয়। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে শহরে নতুন করে উত্তেজনা দেখা দেয়।

এ অবস্থায় কোনো ধরনের সংঘাত বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।

বাংলাধারা/শারমিন

 

মন্তব্য করুন