গুঞ্জন ও ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন বুবলী: ‘স্পর্শকাতর বিষয়ে বলার জন্য সময় ও পরিবেশ দরকার’
প্রকাশিত: ফেব্রুয়ারি ০৬, ২০২৬, ০৪:১১ দুপুর
ছবি: সংগৃহিত
সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে বিনোদন অঙ্গনে আলোচনা যেন থামছেই না। ব্যক্তিগত জীবন, সাম্প্রতিক বিদেশযাত্রা এবং নানা গুঞ্জন- সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে তাকে নিয়ে চলছে বিস্তর আলোচনা। এসব প্রসঙ্গে এবার প্রকাশ্যে নিজের অবস্থান জানালেন এই অভিনেত্রী।
সম্প্রতি রাজধানীতে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বুবলী। সেখানে চলমান গুঞ্জন ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে জানান, এ ধরনের স্পর্শকাতর বিষয়ে কথা বলার জন্য উপযুক্ত সময় ও পরিবেশ প্রয়োজন।
অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বুবলী বলেন, যেহেতু এগুলো খুবই ব্যক্তিগত বিষয়, তাই যখন এ বিষয়ে কথা বলব, তখন সবাইকে সম্মান জানিয়ে বলতে চাই। আমি চাই একটি শান্তিপূর্ণ পরিস্থিতি। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে বাংলাদেশটাকে নিরাপদ রাখব- এটাই আমার প্রত্যাশা। আমি একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ আশা করি।
আসন্ন ভালোবাসা দিবস নিয়েও নিজের অনুভূতির কথা জানান এই অভিনেত্রী। বুবলী বলেন, ভ্যালেন্টাইন মানেই আমার কাছে আমার প্রিয় মানুষগুলো। আমি প্রতিদিনকেই ভালোবাসা দিবসের মতো করে কাটাতে চাই- সবার ভালোবাসা নিয়েই। তবে স্পেশাল প্ল্যান অবশ্যই থাকবে। আমার দর্শক, পরিবার এবং ভক্তদের ভালোবাসা তো সবসময়ই আমার সঙ্গে আছে।
এদিকে, চিত্রনায়ক শাকিব খানের নাম জড়িয়ে বুবলীর বিদেশযাত্রা নিয়ে যে আলোচনা ও গুঞ্জন চলছে, সে বিষয়েও সতর্ক অবস্থান নেন তিনি। এ প্রসঙ্গে বুবলী বলেন, আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি- সবকিছুরই একটা সময় আছে। আজ আমরা একটি গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে এসেছি। এখানে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলা ঠিক হবে না।
তিনি আরও বলেন, সাংবাদিক ভাই-বোনেরা অনেক বিষয় নিয়েই সংবাদ করবেন, দর্শকদেরও জানার আগ্রহ থাকবে- এটাই স্বাভাবিক। এটা নতুন কিছু নয়, যুগ যুগ ধরে সবার ক্ষেত্রেই হয়ে আসছে। তবে আমার অনুরোধ থাকবে, যথাযথ সম্মান বজায় রেখে একজন শিল্পী কিংবা শিল্পীদের উপস্থাপন করা হোক- যেটা আপনারা বরাবরই করে আসছেন।
সবশেষে বুবলী ইঙ্গিত দেন, উপযুক্ত সময় ও পরিবেশ হলে তিনি নিজেই তার ব্যক্তিগত জীবনের বিষয়ে খোলামেলা কথা বলবেন। আপাতত তিনি কাজ ও ইতিবাচক পরিবেশের মধ্যেই থাকতে চান বলে জানান।
বাংলাধারা/এসআর
