ঢাকা, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ গুলিবর্ষণ, আতঙ্কে এলাকা: শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ০৬, ২০২৬, ১২:০০ দুপুর  

ছবি: সংগৃহিত

কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও তিনজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। ঘটনার পর ক্যাম্প ও আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/০৪ (পুরাতন ব্লক-ডি/০৬) এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রোহিঙ্গারা হলেন- আলীখালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক এ/০৪-এর বাসিন্দা নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬) এবং নূরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)।
আহত বাংলাদেশিরা হলেন- হ্নীলা আলীখালী এলাকার ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া (৩৮), আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান (১৮) এবং নুর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলিতে পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে দুইজন রোহিঙ্গা ও তিনজন বাংলাদেশি। কে বা কারা এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি ডাম্পার গাড়িতে গান-বাজনা চালিয়ে প্রচারণা চালানো হচ্ছিল। এ সময় প্রচারণা দেখতে আশপাশের এলাকা থেকে লোকজন জড়ো হয়। হঠাৎ গাড়ির আশপাশ থেকে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পাঁচজন গুলিবিদ্ধ হন।

স্থানীয় বাসিন্দা মো. আব্দুল হামিদ বলেন, “ডাম্পার গাড়িতে গান-বাজনা ও নাচ চলছিল। অনেক মানুষ সেটা দেখতে গিয়েছিল। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনে সবাই দৌড়াদৌড়ি শুরু করে। পরে দেখি এক শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ।”

গুলিবিদ্ধদের দ্রুত উদ্ধার করে প্রথমে আলীখালী আইআরসি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, “বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের একটি নির্বাচনী প্রচারণার ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় উৎসুক জনতা জড়ো হয়। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ জনতার ওপর গুলি বর্ষণ করে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। কারা হামলা করেছে, তা এখনো জানা যায়নি।”

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

বাংলাধারা/এসআর