ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা

আইআরজিসি মুখপাত্র নাঈনি নিহত, ঘিরে রহস্য

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৪:৪৬ দুপুর  

ছবি: সংগৃহিত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাঈনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম।

শুক্রবার ভোররাতে সংঘটিত এই হামলার পর আইআরজিসি পরিচালিত সংবাদমাধ্যম ‘সেপাহ নিউজ’ এক বিবৃতিতে জানায়, “আমেরিকা ও ইহুদিবাদী গোষ্ঠীর অপরাধমূলক ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় নাঈনি শহীদ হয়েছেন।” একই তথ্য নিশ্চিত করেছে ইরানের অন্যান্য সরকারি সংবাদমাধ্যমও।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আনুষ্ঠানিকভাবে নাঈনির নিহত হওয়ার ঘোষণা দিয়েছে। তবে হামলার সুনির্দিষ্ট সময় কিংবা কোন আঘাতে তিনি প্রাণ হারিয়েছেন, এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার মধ্যরাতের পর থেকে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক হামলা চালানো হয়। রাজধানী তেহরানের পূর্বাঞ্চল ছাড়াও কারাজ, কেরমান, বন্দর লেঙ্গেহ এবং কাশান শহরে বিস্ফোরণ ও আঘাতের খবর পাওয়া গেছে। এসব হামলার মধ্যে কোনো একটিতে নাঈনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

৬৮ বছর বয়সী নাঈনি ২০২৪ সাল থেকে আইআরজিসির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি সংস্থাটির সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তার বাড়ি কাশান শহরে।

উল্লেখযোগ্য বিষয় হলো, মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে নাঈনি ইরানের সামরিক সক্ষমতার কথা তুলে ধরেন। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরান তার ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রাখতে সক্ষম।

তার এই বক্তব্যের পরপরই মৃত্যুর খবর সামনে আসায় ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। তিনি ওই বক্তব্য দেওয়ার আগে, নাকি পরে কোনো হামলায় নিহত হয়েছেন, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

এদিকে, নাঈনির মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বাংলাধারা/এসআর