ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

ঈদে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাটগ্রামে একই পরিবারের ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ১১:৩৬ দুপুর  

ছবি: সংগৃহিত

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছিলেন তারা। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ পথ। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

নিহতদের মধ্যে রয়েছেন শরিফুল ইসলাম (৩৫), তার স্ত্রী এবং তাদের ছোট ছেলে। শরিফুল ইসলামের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের মেয়ে, যাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। ঈদের ছুটি উপলক্ষে মঙ্গলবার সকালে স্ত্রী ও সন্তানদের নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। পথে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই প্রাণ হারান শরিফুল ইসলাম, তার স্ত্রী ও ছেলে। স্থানীয়রা আহত শিশুকন্যাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দযাত্রা মুহূর্তেই পরিণত হয়েছে শোকাবহ ঘটনায়। স্থানীয়রা বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বাংলাধারা/এসআর