চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ১৭ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুসহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় দেওয়া হয়েছে। এ প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। রোববার (৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।এদিন প্রসিকিউশনের পক্ষে সময় চান প্রসিকিউটর রাফিউল ইসলাম। তিনি মামলার তদন্ত অগ্রগতি তুলে ধরে আরও দুই মাস সময়ের আবেদন করেন। পরে আগামী বছরের ১০ জানুয়ারি পর্যন্ত সময় দেন আদালত।এ সময় প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিম, তারেক আবদুল্লাহ, অলি মিয়াসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।মনুসহ এ মামলায় গ্রেপ্তার পাঁচ আসামি হলেন- যাত্রাবাড়ী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান ও মোক্তার হোসেন।প্রসিকিউশন জানায়, মানবতাবিরোধী অপরাধের এ মামলায় আজ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ছিল। গ্রেপ্তার আসামিদেরও আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়ায় আরও সময় চেয়েছে তদন্ত সংস্থা। এর পরিপ্রেক্ষিতে প্রসিকিউশন থেকে দুই মাস সময় চাইলে নতুন তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ ও ২০ জুলাই যাত্রাবাড়ীতে ১৭ জনকে হত্যা করা হয়। এ ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত চলমান রয়েছে।
বাংলাধারা/ডেস্ক
মতামত