প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তার আগমনকে ঘিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলটির নেতাকর্মীদের ভিড় দেখা গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকেই বিমানবন্দর এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।
প্রিয় নেতাকে স্বাগত জানাতে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় অবস্থান নেন। এ সময় অনেকের হাতে দলীয় পতাকা ও ব্যানারও দেখা গেছে। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা মির্জা আব্বাসের আগমন উপলক্ষ্যে তারা স্বতঃস্ফূর্তভাবে বিমানবন্দরে এসেছেন। তাকে স্বাগত জানিয়ে তারা দলের ঐক্য ও সাংগঠনিক শক্তির জানান দিতে চান তারা।
ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা ইমাম শরিফ বাবু বলেন, মির্জা আব্বাস আমাদের অনুভূতির নাম। দলের দুঃসময়ে তিনি ছিলেন অন্যতম কান্ডারী। দলে তার এক অনেক। দীর্ঘদিন পর তিনি চিকিৎসা শেষে দেশে ফিরছেন। আমরা তাকে স্বাগত জানানোর জন্য এখানে এসেছি।তুরাগ থানা যুবদল নেতা মামুন বলেন, মির্জা আব্বাস আমাদের দলের একজন প্রবীণ ও জনপ্রিয় নেতা। তাকে স্বাগত জানাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে বিমানবন্দরে এসেছি। তার আগমনে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
তিনি বলেন, মির্জা আব্বাসের প্রতি নেতাকর্মীদের যে ভালোবাসা ও আস্থা রয়েছে, আজকের উপস্থিতিই তার প্রমাণ। আমরা আশা করি, তার নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।
পরিবারের সদস্য ও বিএনপির মিডিয়ার সেল থেকে জানা গেছে, সিঙ্গাপুর-মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দীর্ঘ পাঁচ মাস পর বুধবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে।
সেই তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ৯টায় ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাসও দেশে ফিরছেন।
গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাকে মালয়েশিয়ায় চিকিৎসার জন্য নেওয়া হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন