বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৪০ মিনিট আগে, ০৪:৪০ পিএম

অনলাইন সংস্করণ

স্ত্রীসহ সাবেক এসএসএফ ডিজির বিরুদ্ধে ১০ কোটি টাকার মামলার সিদ্ধান্ত

ছবি; সংগৃহিত

প্রায় ১০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মজিবুর রহমান ও তার স্ত্রী তাসরীন মুজিবের বিরুদ্ধে পৃথক দুটি মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম মামলা দুটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা যায়, সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করে নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মজিবুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে মজিবুর রহমানের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৭১ লাখ ৬ হাজার ২৫২ টাকা মূল্যের সম্পদ অসাধু উপায়ে অর্জনের প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।
অন্যদিকে দ্বিতীয় মামলায় মজিবুর রহমান ও তার স্ত্রী তাসরীন মুজিবকে আসামি করা হয়েছে। দুদকের অনুসন্ধান অনুযায়ী, তাসরীন মুজিব তার স্বামীর সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৫২ লাখ ৯ হাজার ১৯৩ টাকা মূল্যের সম্পদ অসাধু উপায়ে অর্জন করে ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় মজিবুর রহমান ও তাসরীন মুজিবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করার অনুমোদন দিয়েছে দুদক। দুই মামলায় অভিযোগ করা সম্পদের মোট মূল্য ১০ কোটি ২৩ লাখ ১৫ হাজার ৪৪৫ টাকা।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন