প্রকাশিত: ১০ জুলাই, ২০২৪, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ
ছবির প্রচারে সম্প্রতি ঢাকায় এসেছিলেন ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তখন সংবাদ সম্মেলনে বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় প্রসঙ্গে পরীমনির বেশ প্রশংসা করছিলেন। তিনি পরিমনি সম্পর্কে বলেছিলেন, পরীমনিকে আমার মনে হয় ‘পাওয়ার হাউস অব ট্যালেন্ট’। তাঁকে যদি আরও একটু ভালোভাবে ব্যবহার করা যায়, তবে তিনিও খুব ভালো করবেন। তাঁর যেটুকু কাজ দেখেছি, আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে।
পরমব্রতর কথা পরীমনির কান পর্যন্ত পৌঁছে গেছে। পরমব্রতর মুখ থেকে শোনা কথাটা ফেসবুক স্ক্রল করতে করতে নজরে আসে পরীমনির।
গণমাধ্যমের সঙ্গে সেই প্রসঙ্গে বললেন, ‘প্রথমে তো মুগ্ধ হয়ে কতক্ষণ শুনছি। দু–তিনবার টেনে টেনে শুনেছি। পরে ভেবেছি, মানুষকে নানাভাবে আমরা অপমান–অপদস্থ করতে পারি। প্রশংসা নাই–ই করতে পারি। কিন্তু এসবের কারণে দিন শেষে মানুষটার যে চেষ্টা, এসবও একসময় ডাউন হয়ে যায়। পরমব্রত কিন্তু ভালো অভিনয় করেন। ভালো এই, ভালো সেই, দেখতে সুন্দর—এসব বলতে পারত। তিনি কী বলেছেন, পাওয়ার হাউস অব ট্যালেন্ট...। এই লাইনের গভীরতা হজম করতে আমার এত বেশি সময় লাগছে যে বলে বোঝাতে পারব না। তাই আমি বারবার টেনে টেনে দেখছি। মানুষকে কীভাবে প্রশংসা করতে হয়, সেটা আসলে আমরা অনেক ক্ষেত্রে শিখিইনি।’
ঢালিউডে বেশ আলোচিত পরীমনি। সম্প্রতি তিনি শেষ করেছেন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। পরমব্রতর কথা শুনে পরীমনির নতুন উপলব্ধিও হয়েছে। পরমব্রতর কথা প্রসঙ্গে পরীমনি বললেন, ‘মনে হয়, সময় চলে যাচ্ছে, আরও ভালো ভালো কাজ করতে হবে। কিছুই তো করিনি।’
পরীমনি জানালেন, পরমব্রত নিজেকে এ দেশের একজন অনুভব করেন। এভাবে তিনিও পরমকে অনুভব করতে চান। পরীমনি বলেন, ‘শিল্পীদের তো কোনো দেশের ভাগ নেই। শিল্পীদের মধ্যে যখন একজন এভাবে কথা বলেন, তা–ও আবার পরমব্রতর মতো শিল্পী, তখন যে ভালোটা লাগে...তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এত চমৎকার এবং মায়া দিয়ে বললেন যে বিশ্বাস করতেও সময় লেগেছিল।’
পরমব্রতর কাছ থেকে এমন প্রশংসা শুনে মন খারাপ হয় পরীমনির। নিজেকে নিয়ে নতুনভাবে ভাবছেন তাই। পরমব্রতর কথার মান যেন রাখতে পারেন, সেই চেষ্টাও করবেন—এমনটাই জানালেন।
তিনি বলেছেন, পরীমনির কিছু কাজ দেখেছি। কিন্তু তিনি কিন্তু নাম বলতে পারেননি। এর মানে আমার কোনো কাজ তাঁর মনে সেভাবে দাগ কাটতে পারেনি। পরমব্রতর মনে দাগ কাটার মতো কাজ করতে চাই। পরমব্রতর এই কথার মান যেন আমি রাখতে পারি, এমন এমন সব কাজ করব। তাঁর কথাগুলো আমাকে ভাবিয়েছে।’
মন্তব্য করুন