প্রকাশিত: ৪৭ মিনিট আগে, ১১:২৭ এ এম

অনলাইন সংস্করণ

সোনাগাজীর নবাবপুর স্বাস্থ্যকেন্দ্র যেন ভূতের বাড়ি, ওমর ফারুকের নেতৃত্বে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

ফেনীর সোনাগাজী উপজেলার ৯ নম্বর নবাবপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের বেহাল ও সীমিত চিকিৎসাসেবার প্রতিবাদে চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুকের নেতৃত্বে এলাকাবাসী মানববন্ধন করেছেন।মানববন্ধনে স্থানীয়রা ক্ষোভ ও কষ্টের কথা তুলে ধরে বলেন, একসময় এই স্বাস্থ্যকেন্দ্রে সিজারিয়ানসহ বিভিন্ন চিকিৎসাসেবা পাওয়া যেত। কিন্তু বর্তমানে এসব সেবা আর পাওয়া যাচ্ছে না। সপ্তাহে সাত দিন স্বাস্থ্যকেন্দ্রটি খোলা থাকার কথা থাকলেও স্থানীয়দের অভিযোগ, বাস্তবে মাত্র দুই দিন—শনিবার ও বুধবার খোলা থাকে। স্বাস্থ্যকেন্দ্রের সামনে টাঙানো বিলবোর্ডেও ওই দুই দিন খোলার কথা উল্লেখ রয়েছে।

ফলে জরুরি চিকিৎসাসেবা নিতে গিয়ে নারী, শিশু, বয়স্কসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্থানীয়দের ভাষায়, একসময় যে স্বাস্থ্যকেন্দ্র ছিল মানুষের চিকিৎসার ভরসা, বর্তমানে সেটি অনেকটা ‘ভূতের বাড়ি’র মতো পড়ে আছে।

মানববন্ধন থেকে স্বাস্থ্যকেন্দ্রটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করা, সপ্তাহের সাত দিন চিকিৎসাসেবা নিশ্চিত করা, প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ এবং পূর্বের চিকিৎসাসেবা পুনরায় চালুর দাবি জানানো হয়।

এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি দ্রুত সমাধানে জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা সিভিল সার্জন এবং প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানানো হয়।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন