বেসরকারি মেডিক্যালে ভর্তি শুরু, ৩১ মার্চ পর্যন্ত সময়
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৪:১৯ দুপুর
ছবি: সংগৃহিত
২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৫ মার্চ) থেকে শুরু হওয়া এ প্রক্রিয়া চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক নির্দেশনায় জানানো হয়েছে, অনলাইনে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মেধা ও পছন্দক্রম অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের তালিকা তৈরি করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব শিক্ষার্থীকে সংশ্লিষ্ট কলেজে ভর্তি সম্পন্ন করতে হবে।
ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিকভাবে প্রতিটি শিক্ষার্থীকে এক লাখ টাকা জমা দিতে হবে। পরবর্তীতে মাইগ্রেশন প্রক্রিয়া শেষে সরকার নির্ধারিত বাকি ফি সংশ্লিষ্ট কলেজে পরিশোধ করতে হবে। কোনো অবস্থাতেই নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না বলে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, আসন খালি থাকা সাপেক্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশনের সুযোগ পাবেন। মাইগ্রেশনের জন্য আবেদন করা যাবে ২৯ মার্চ বিকাল ৫টা থেকে ৩১ মার্চ বিকাল ৫টা পর্যন্ত।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের মূল সনদপত্র যাচাই করে কলেজ কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। পাশাপাশি মেডিক্যাল বোর্ডের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন করতে হবে। সব শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষার্থীদের সাময়িকভাবে ভর্তি করা হবে।
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ফলাফলের কপি, এসএসসি ও এইচএসসি বা সমমানের সনদ ও নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ড, নাগরিকত্ব সনদ এবং পাসপোর্ট সাইজের ছবি।
চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শেষে শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত পোর্টালে আপলোড করতে হবে এবং আগামী ১ এপ্রিলের মধ্যে ভর্তিকৃত ও অভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা অধিদপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভর্তিসংক্রান্ত যেকোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানানো হয়েছে।
বাংলাধারা/এসআর
