ঢাকা, সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ঢাকা-১১ আসনের এনসিপি প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ০৯, ২০২৬, ০৪:০৯ দুপুর  

ছবি: সংগৃহিত

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির ঢাকা-১১ আসনের প্রার্থী শামীম আহমেদ এ রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনের সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং মো. নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, মো. নাহিদ ইসলাম বাংলাদেশি নাগরিকত্বের পাশাপাশি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছেন। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২০ এপ্রিল তিনি ক্যারিবীয় রাষ্ট্র ডমিনিকার নাগরিকত্ব নেন, যা সংবিধান ও নির্বাচনী আইন অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বাধা। এ অবস্থায় তার মনোনয়নপত্র বাতিলযোগ্য বলে দাবি করা হয়েছে।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে বলে জানা গেছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশান এলাকার ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

এই আসনে বিএনপির এম এ কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটের শুনানি ও আদালতের সিদ্ধান্তকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনের নির্বাচনী পরিস্থিতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

বাংলাধারা/এসআর