ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

১০ মার্চ বগুড়ায় পরীক্ষামূলক ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৪:০৬ দুপুর  

ছবি: সংগৃহিত

আগামী ১০ মার্চ সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে তিনি ওইদিন বগুড়া সফরে যাবেন, যা প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম সরকারি সফর হবে জেলাটিতে।

শুক্রবার এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায় অবস্থিত শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে নামাজের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকারের ঘোষিত সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় দরিদ্র, হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হচ্ছে। কার্ডধারী প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা পাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পরীক্ষামূলক বাস্তবায়নের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়ন এর ৩ নম্বর ওয়ার্ডকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। সম্ভাব্য সুবিধাভোগী পরিবার চিহ্নিত করতে ইতোমধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে প্রকৃত উপকারভোগী নির্ধারণে যাচাই-বাছাই কার্যক্রম চলছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

বাংলাধারা/এসআর