ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার নিন্দা ভারতের

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৮:০৮ রাত  

ছবি: সংগৃহিত

ভারত আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এক বিবৃতিতে বলেন, আফগান ভূখণ্ডে পাকিস্তানের সামরিক হামলা অগ্রহণযোগ্য এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাসে চালানো এ হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তিনি আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, নিজেদের অভ্যন্তরীণ সমস্যার দায় অন্য দেশের ওপর চাপানো পাকিস্তানের পুরোনো কৌশল, আর এই হামলা তারই প্রতিফলন।

ভারত আরও জানায়, তারা আফগানিস্তান-এর সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে।

এদিকে নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, গত রাতে পাকিস্তান-এর খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এর জবাবে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলসহ একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে। শুক্রবারও হামলা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাধারা/এসআর