সাগরে লঘুচাপ, ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১২:৫৬ দুপুর
ছবি: সংগৃহিত
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি এখনও একই এলাকায় রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, এটি ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়তে পারে।
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। অন্যদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ রয়েছে বিহার অঞ্চলে। এ পরিস্থিতির প্রভাবে দেশের কয়েকটি এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ এর দু-এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকবে।
বাংলাধারা/এসআর
