ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

১০ মার্চ শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি: দরিদ্র সহায়তায় সরকারের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১২:৫১ দুপুর  

ছবি: সংগৃহিত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেস উইংয়ের পাঠানো বার্তায় জানানো হয়, কর্মসূচির প্রাথমিক ধাপে দেশের ১৩টি জেলায় পরীক্ষামূলকভাবে একটি করে ওয়ার্ডে এই কার্ড বিতরণ করা হবে। পরবর্তীতে ফলাফল মূল্যায়ন করে ধাপে ধাপে সারা দেশে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

‘ফ্যামিলি কার্ড’ ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অন্যতম নির্বাচনী অঙ্গীকার। সরকার গঠনের পরপরই এই কর্মসূচিকে অগ্রাধিকার তালিকায় রেখে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। সরকারের লক্ষ্য, ঈদের আগেই হতদরিদ্র ও নিম্ন-আয়ের মানুষের হাতে কার্ড পৌঁছে দেওয়া, যাতে তারা খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে সহায়তা পেতে পারেন।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি সরকার ‘ফ্যামিলি কার্ড প্রদানসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, প্রান্তিক ও নিম্ন-আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী–কে। তাঁর নেতৃত্বে মোট ১৪ সদস্যের এই কমিটিতে রয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহদী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদসচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, অর্থসচিব, তথ্যসচিব, স্থানীয় সরকার সচিব, পরিকল্পনাসচিব এবং সমাজকল্যাণ সচিব।

সরকারি সূত্র বলছে, এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবারগুলোর জন্য একটি সমন্বিত তথ্যভিত্তিক ডাটাবেজ তৈরি করা হবে, যা ভবিষ্যতে ভর্তুকি, খাদ্য সহায়তা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাধারা/এসআর