ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

এক জেলা থেকে তিন মন্ত্রী, কুমিল্লায় উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:২৬ বিকাল  

ছবি: সংগৃহিত

এক জেলা থেকে তিনজন নেতাকে মন্ত্রী করা হওয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে এসেছে কুমিল্লা। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। জানা গেছে, শপথের দিন সকালেই মন্ত্রীসভায় অন্তর্ভুক্তির বিষয়ে ফোন পান তিন নেতা। খবরটি ছড়িয়ে পড়তেই কুমিল্লা জুড়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের বার্তা ছড়িয়ে পড়ে।

তিন মন্ত্রীর মধ্যে কায়কোবাদ কুমিল্লা-৩ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সুমন কুমিল্লা-৮ আসন থেকে দ্বিতীয়বার নির্বাচিত এমপি এবং তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ইয়াছিন অতীতে কুমিল্লা-৯ আসন থেকে একবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং সর্বশেষ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও সাংগঠনিক দায়িত্বে সক্রিয় ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একই জেলা থেকে তিনজন মন্ত্রী হওয়া কুমিল্লার রাজনৈতিক গুরুত্ব ও প্রভাব বাড়াবে এবং জেলার উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

বাংলাধারা/এসআর