সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সম্পদ, দল বা পরিবারের নয় : প্রধানমন্ত্রী
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৪:৩১ দুপুর
ছবি: সংগৃহিত
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়, এটি রাষ্ট্রের সম্পদ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও জনগণের প্রতি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
রোববার (১২ এপ্রিল) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করতে বদ্ধপরিকর। ২০২৪ সালে দেশের স্বাধীনতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বিশেষ করে ৫ আগস্ট-পরবর্তী অস্থির সময়ে প্রশাসনিক স্থবিরতার মধ্যে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে, যা জনগণের আস্থা অর্জনে সহায়ক হয়েছে।
তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন ঘটনার মাধ্যমে সশস্ত্র বাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার অপচেষ্টা চালানো হয়েছিল। পিলখানা হত্যাকাণ্ডের উল্লেখ করে তিনি বলেন, সেই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
দরবারে উপস্থিত বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি পেশাদারিত্বে কোনো ধরনের আপস না করার আহ্বান জানান। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব, সংবিধানের মর্যাদা ও জনগণের আস্থা অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।
এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা, দক্ষতা এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের অবদানের প্রশংসা করেন। বিশেষ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে বাহিনীর ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন তিনি।
দরবারে ঢাকায় অবস্থানরত সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে থাকা সেনা সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।
বাংলাধারা/এসআর
