ঢাকা, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

ঢাকায় বাড়ছে তাপমাত্রা, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ০৪, ২০২৬, ১১:২৯ দুপুর  

ছবি: সংগৃহিত

রাজধানী ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে অস্বস্তি বেড়েছে। আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা না থাকায় গরম আরও ভ্যাপসা অনুভূত হচ্ছে।

শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা আরও সামান্য বাড়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। উচ্চ আর্দ্রতার কারণে গরমের অনুভূতি আরও তীব্র হয়ে উঠছে।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালীসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৭ মিনিটে।

বাংলাধারা/এসআর