ঢাকা, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

বিকল্প রুটে সৌদি তেল আসছে চট্টগ্রামে, সংকট কাটার আশায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ০৩, ২০২৬, ০৯:৩৭ সকাল  

ছবি: সংগৃহিত

হরমুজ প্রণালির চলমান জটিলতা এড়িয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প পথে সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করছে বাংলাদেশ।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, লোহিত সাগর তীরবর্তী সৌদি বন্দর ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে সরাসরি সাগরপথে এই তেল চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, তেলবাহী ট্যাংকারটি আগামী ২০ এপ্রিল লোড হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, একই পরিমাণ তেল বহনকারী ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজ এখনো হরমুজ প্রণালির জটিলতায় আটকে আছে। জাহাজটি বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় সেটি বাংলাদেশে রওনা দিতে পারছে না।

যদিও সম্প্রতি ইরান বাংলাদেশি ছয়টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে, ‘নরডিক পলুকস’ সেই তালিকায় না থাকায় অনিশ্চয়তা কাটেনি।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) জানিয়েছে, ইয়ানবু থেকে নতুন করে যে এক লাখ টন তেল আসছে এবং হরমুজে আটকে থাকা জাহাজ, এই দুই চালান মিলিয়ে মোট দুই লাখ মেট্রিক টন ক্রুড অয়েল মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে।

পরে এসব তেল ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করে বাজারে সরবরাহ করা হবে। এতে বর্তমান জ্বালানি সংকট অনেকটাই কমে আসবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

বাংলাধারা/এসআর