টানা চার দফা বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার
প্রকাশিত: এপ্রিল ০১, ২০২৬, ১১:০৮ দুপুর
ছবি: সংগৃহিত
দেশের স্বর্ণবাজারে টানা চার দফা বাড়ানো হলো সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বশেষ বুধবার (১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন এই দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।
তবে সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ টাকায়।
সংশ্লিষ্টরা বলছেন, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬৭৫ ডলার ছাড়িয়েছে।
এর আগে গত জানুয়ারির শেষ দিকে এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছায় ২২ ক্যারেট সোনার দাম।
বাংলাধারা/এসআর
