অনলাইন ক্লাসের বিষয়ে ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০১:৩২ দুপুর
ছবি: সংগৃহিত
জ্বালানি পরিস্থিতি ও সাম্প্রতিক শিক্ষাবিঘ্ন মোকাবিলায় অনলাইন-অফলাইন সমন্বয়ে ‘ব্লেন্ডেড’ শিক্ষাব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই প্রস্তাবটি মন্ত্রিসভায় তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, রোজার ছুটি, বিভিন্ন আন্দোলনসহ নানা কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে বিঘ্ন ঘটেছে। সেই ঘাটতি কাটিয়ে উঠতে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন ক্লাস চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি, কিছু ক্লাস অনলাইনে নেওয়ার মাধ্যমে পাঠদানকে আরও নমনীয় করার পরিকল্পনাও করা হচ্ছে।
তিনি জানান, এক জরিপে প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে পুরোপুরি অনলাইন শিক্ষায় চলে গেলে শিক্ষার্থীদের সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়তে পারে, এ বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ এগোচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এই পদ্ধতি চালুর ওপর জোর দেওয়া হলেও কলেজ পর্যায়েও তা বাস্তবায়নের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত ভিন্ন কাঠামো বজায় থাকতে পারে বলে ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী।
একইসঙ্গে মহানগরীগুলোর ট্রাফিক জট, জ্বালানি সংকট ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বিকল্প ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস, বৈদ্যুতিক যান, মেট্রোরেল এবং সৌরশক্তিনির্ভর পরিবহন ব্যবস্থার মতো উদ্যোগ গুরুত্ব পাচ্ছে।
পরিবর্তিত বাস্তবতায় শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর, নমনীয় ও সময়োপযোগী করে তুলতেই সরকারের এই নতুন উদ্যোগ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাধারা/এসআর
