‘মব কালচার’ আর সহ্য করা হবে না, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৭:৫৪ বিকাল
ছবি: সংগৃহিত
দেশে ছড়িয়ে পড়া তথাকথিত ‘মব কালচার’ বা গণউচ্ছৃঙ্খলতার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দাবি আদায়ের নামে সড়ক অবরোধ, গণজট বা সহিংসতা সৃষ্টি করলে তা আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই অবস্থান তুলে ধরেন।
আলোচনার সূচনায় রুমিন ফারহানা অতীতের গুম ও বিচারবহির্ভূত হত্যার প্রসঙ্গ টেনে বর্তমান সময়ে ‘মব কালচার’-এর বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ঘটনায় ২৫০ থেকে ৩০০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এমনকি তিনি নিজেও ২১ ফেব্রুয়ারির এক ঘটনায় এর শিকার হয়েছেন বলে জানান। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ কী—তা জানতে চান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। “বাংলাদেশে কোনো ধরনের মব কালচার চলতে দেওয়া হবে না। সড়ক বা মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা তৈরি হয়েছিল, তা আর কখনোই অনুমোদন দেওয়া হবে না,”জোর দিয়ে বলেন তিনি।
একইসঙ্গে মব সহিংসতা ও পরিকল্পিত অপরাধের মধ্যে পার্থক্য তুলে ধরেন মন্ত্রী। তার ভাষ্য, কোনো প্রতিষ্ঠান বা স্থাপনায় পরিকল্পিত হামলা, ভাঙচুর বা অগ্নিসংযোগ মব নয়; বরং তা সুসংগঠিত অপরাধ, যার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হয়।
জনগণের দাবি-দাওয়া প্রকাশের ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “দাবি থাকবেই, এটাই স্বাভাবিক। তবে তা জানাতে হবে সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উপায়ে। স্মারকলিপি প্রদান, সেমিনার আয়োজন কিংবা শান্তিপূর্ণ সমাবেশ, এসবের অধিকার সবাই ভোগ করবেন। কিন্তু সহিংস মব তৈরি করে দাবি আদায়ের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”
সরকার একদিকে নাগরিকের বাকস্বাধীনতা ও সংগঠনের অধিকার নিশ্চিত করবে, অন্যদিকে আইনশৃঙ্খলা ভঙ্গের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলাধারা/এসআর
